সুনামগঞ্জ, ৭ জুন: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশইন ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।
পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) বলেন, “সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাইকিংসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে দিন-রাত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিকভাবে তথ্য পেতে পারে।”
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

