ঢাকা, ৭ জুন: আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের আপিল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো যেকোনো মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানুষ রায়ের কার্যকর বাস্তবায়ন দেখতে চায়। রায় কার্যকর হয় না—এমন যে শঙ্কা মানুষের মধ্যে রয়েছে, আমরা তার পরিবর্তন চাই।”
তিনি বলেন, রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার একটি মাইলফলক। তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ মামলাগুলোতে একই ধরনের দ্রুত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় বিচারকাজ বিলম্বিত হওয়ার কোনো কারণ ছিল না।
মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে রুহুল কুদ্দুস কাজল জানান, বিচারিক আদালত থেকে ডেথ রেফারেন্স ও পেপারবুক উচ্চ আদালতে পৌঁছানোর পর দ্রুততার সঙ্গে আপিল ও সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, রামিসার বাবা শুরু থেকেই সরকারের ওপর আস্থা রেখেছিলেন এবং মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, রোববার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
মামলাটির বিচারকাজ মাত্র চার দিনে সম্পন্ন হওয়ায় এটি দেশের বিচারিক ইতিহাসে অন্যতম দ্রুত নিষ্পন্ন হওয়া ধর্ষণ ও হত্যা মামলার একটি হিসেবে আলোচনায় এসেছে।

