জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. মুহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যুগ্ম মহাসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ঢাকা বিভাগের মনিটর হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সহকারী প্রক্টর ও হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির চেয়ারম্যান ছিলেন।
বর্তমানে তিনি ২০১৭ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং ২০২৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানেও সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

