নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ করেছে—এমন সংবাদ প্রকাশের পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি দাবি করেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে কমিশনারের গমনাগমন সংক্রান্ত যে তথ্য তুলে ধরা হয়েছে, তা বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং প্রকৃত পরিস্থিতির যথাযথ প্রতিফলন নয়।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয়; এটি দ্বিমুখী চলাচলের জন্য উন্মুক্ত। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে একটি অস্থায়ী ইউ-টার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। এটি স্থায়ী কোনো ট্রাফিক নিষেধাজ্ঞা নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অস্থায়ী ব্যবস্থাটি প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া এবং পুনরায় বন্ধ করা হয়, যা নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ। ফলে ঘটনাস্থলে ট্রাফিক আইন লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডিএমপি আরও জানায়, কমিশনারের গাড়িবহরের চলাচল সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ বা ট্রাফিক আইন ভঙ্গ করা হয়নি বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা পথ শুধুমাত্র কমিশনারের গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে ডিএমপির মতে, এমন উপস্থাপনা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ ধরনের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

Leave A Reply


Math Captcha
2 + 5 =