Thursday, November 12

অনশন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি শিক্ষকদের

তিন দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী জানান, আজকের জন্য স্থগিত করা হয়েছে যমুনার অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি। আগামীকাল (শুক্রবার) দুপুর ২টা থেকে শিক্ষকরা অনশন শুরু করবেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে অভিযাত্রা বিকাল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

দেলােয়ার হোসেন আজিজী বলেন,
“আগামীকাল আমরা অনশন করবো। তারপর আমরণ অনশন। তারপরও যদি দাবি না মানা হয়, তাহলে জীবিত দেহ যাবে না—লাশ যাবে। অধিকারের বিষয়ে কোনো আপোষ নয়।”

তিনি আরও জানান, আগামী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রোববার ও সোমবার রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

Leave A Reply


Math Captcha
29 − 25 =