রাজধানীর মোহাম্মদপুরে বাড়ির সামনে দুই বোনের কাছ থেকে ব্যাগ ও মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম।
পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন দুই বোন। মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় বাসার সামনে মালামাল নিয়ে নামার পর একটি পিকআপে আসা তিন ব্যক্তি চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ ও আরও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। একসময় মোহাম্মদপুর এলাকায় বসবাস করলেও গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জে নতুন আস্তানা গড়ে তুলেছিল। সেখান থেকে এসে নিয়মিত ছিনতাই করত তারা।
এডিসি ফজলুল করিম জানান, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মাদক, একটি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন।
তিনি আরও জানান, ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপের চালক ও মালিকও এই চক্রের সঙ্গে জড়িত। তাকে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আরও একজনকে চিহ্নিত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া কিছু আলামত উদ্ধার করা গেলেও একটি ট্রলি ব্যাগ ও একটি মোবাইল ফোন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিশেষ করে বাসস্ট্যান্ড ও ভোরবেলায় যাত্রী নামার স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

