ঢাকা: রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে এক মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এক মামলায় তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
দীপু মনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশনার অভিযোগসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
তবে এক মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকায় তার মুক্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির ওপর নির্ভর করবে।

