Saturday, November 7

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা ও তিন সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা মালয়েশিয়া থেকে ফেরা এক প্রবাসীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুরজাহান বেগম (৫০), তার ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ (২৫), ছেলে রাকিব (১৮), মেয়ে আয়েশা (২৮) এবং প্রাইভেট কারচালক জাহিদ (৩২)। জাহিদ যশোরের মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২ জুন) ভোরে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরা আরিফকে আনতে পরিবারের সদস্যরা প্রাইভেট কারে করে ঢাকা বিমানবন্দরে যান। রাতের ফ্লাইটে দেশে ফেরার পর তাকে নিয়ে বাড়ি ফেরার পথে মালিগ্রাম এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরিফ, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা এবং চালক জাহিদ নিহত হন। গুরুতর আহত রাকিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছে আয়েশার দুই সন্তান—তিন বছর বয়সী তাসফিয়া ও সাত বছর বয়সী হোসাইন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আয়েশার স্বামী ইলিয়াস হোসেন বলেন, “আমার স্ত্রীর ভাই আরিফ দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। তাকে আনতে পরিবারের সবাই ঢাকা গিয়েছিল। ফেরার পথে এক দুর্ঘটনায় আমার স্ত্রী, শাশুড়ি এবং দুই শ্যালককে হারালাম।”

নিহত চালক জাহিদের ভাই মাহবুবুর রহমান বলেন, “ভাই বিমানবন্দর থেকে যাত্রী আনার জন্য ঢাকায় গিয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পাই।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
3 + 1 =