চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে জয়ী হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
১৪টি হল ও একটি হোস্টেলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েছেন ৪৯৩ জন প্রার্থী।
নির্বাচন মূলত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার আগে কিছু স্থানে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত ১টার পর ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।
এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের পক্ষে বিএনপি এবং শিবিরের পক্ষে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

