নারায়ণগঞ্জ-এ ছয় বছরের এক শিশুকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে আটক করে রেখেছেন। তবে এলাকাবাসীর বাধার কারণে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে পারেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সন্ধ্যার পর বক্তাবলী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই যুবকের নাম হিরো ও সোহেল। অভিযোগ রয়েছে, সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে থাকা শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে অভিযুক্ত হিরোকে আটক করেন। অন্য অভিযুক্ত সোহেল পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অভিযুক্ত একজনকে এলাকাবাসী আটক করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের বাধার কারণে তাকে হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

