Saturday, November 7

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সিরাজগঞ্জ অঞ্চলের মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করেছে। এ সময়ে সেতু পার হয়েছে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

শনিবার সকালে সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বর্তমানে সেতুতে নিয়মিত ১৪টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। তবে ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে শনিবার থেকে অতিরিক্ত আরও চারটি বুথ চালু করা হবে। ফলে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ১৮টিতে।

Leave A Reply


Math Captcha
77 + = 82