Saturday, November 7

বাংলাদেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। সরকারের লক্ষ্য, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি অভিবাসীদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা।

সরকারি সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের এই কার্ড দেওয়া শুরু হতে পারে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, নতুন এই কার্ডের মাধ্যমে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং খুব দ্রুতই প্রবাসী কার্ড চালু করা হবে। যারা দেশে রেমিট্যান্স পাঠান, তাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানান তিনি।

সূত্র জানায়, ভিসা বা মাস্টারকার্ডের সঙ্গে সংযুক্ত থাকবে এই কার্ড। ফলে একই কার্ড ব্যবহার করে দেশে-বিদেশে টাকা লেনদেন করা যাবে। এতে থাকবে ডুয়াল কারেন্সি সুবিধা, অর্থাৎ বিদেশি মুদ্রা ও বাংলাদেশি টাকায় লেনদেনের সুযোগ।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বর্তমানে কার্ডটির নকশা ও কার্যপদ্ধতি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এটি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, প্রবাসী কার্ডে কিউআর কোডভিত্তিক পরিচয় ব্যবস্থা থাকবে। কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট প্রবাসীর তথ্য দেখা যাবে। মোবাইল ফোন দিয়েও কার্ড ব্যবহার করা সম্ভব হবে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত দেড় কোটি বাংলাদেশি অবস্থান করছেন। সরকার চায়, নতুন এই কার্ডের মাধ্যমে সব প্রবাসীকে একটি কেন্দ্রীয় সেবার আওতায় আনতে।

তবে অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুধু নতুন কার্ড চালু করলেই হবে না; কার্যকর ডিজিটাল অবকাঠামো, ব্যাংকিং নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাও জরুরি।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, অতিরিক্ত তাড়াহুড়া না করে আগে পরীক্ষামূলকভাবে প্রকল্প চালু করা উচিত। একই সঙ্গে প্রবাসীদের কার্ডের ব্যবহার ও সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে কার্যকর প্রশিক্ষণ বা ব্রিফিংয়েরও প্রয়োজন রয়েছে।

এদিকে অনেক প্রবাসী আগের বিএমইটি স্মার্টকার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সৌদি আরব ও দুবাইপ্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, আগের কার্ড থেকে তারা তেমন কোনো বাস্তব সুবিধা পাননি। তাই নতুন প্রবাসী কার্ড কতটা কার্যকর হবে, তা নিয়েও রয়েছে সংশয়।

Leave A Reply


Math Captcha
+ 1 = 8