সকল হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঢাকা মহানগর উত্তর শাখা।
বৃহস্পতিবার রাতে বাংলামোটর এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হয়।
“তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া” স্লোগানে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
সমাবেশে আরিফুল ইসলাম আদীব বলেন,
“আজ মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।”
তিনি আরও বলেন,
“প্রধানমন্ত্রীকে বলবো, এসব ঘটনায় দলের ভেতর থেকেও তদন্ত করে জড়িতদের আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন করতে হবে।”

