Sunday, November 8

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে মিথ্যা কথা বলে জনগণের সমর্থন পাওয়া যাবে না। জনগণের ভালোবাসা অর্জন করতে হলে সত্য কথা বলতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব।

তিনি বলেন,
“একটা দল আছে, ধর্মের নামে রাজনীতি করে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না।”

জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন,
“এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ ১৯৭১ সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছিল।”

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও সংস্কারের পক্ষে কাজ করছে। কেউ যদি বলে বিএনপি সংস্কার চায় না, তাহলে সেটি সম্পূর্ণ মিথ্যাচার।

সংস্কারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। আর খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতিতে দেশকে ফিরিয়ে আনেন এবং মেয়েদের শিক্ষা অবৈতনিক করেন।

বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতি করছেন।

তিনি দাবি করেন, মাত্র কয়েক মাসের মধ্যেই সরকার পরিবার কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের মতো উদ্যোগ হাতে নিয়েছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 7