Sunday, November 8

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশুদের সুরক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্ট-এর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে দেশে হামের প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-এর প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

এ ছাড়া হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবের পক্ষে আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৭৭ শিশু। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
73 − 70 =