Sunday, November 8

ঘাটাইল-এ এক ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে সূচনা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু-র কলেজপাড়ার ভাড়া বাসায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই চেয়ারম্যান।

রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত সূচনা উপজেলার দারপটল গ্রামের বাসিন্দা সোরহাব আলী-র মেয়ে।

নিহতের পরিবারের দাবি, সূচনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সূত্র জানায়, এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আলম মিয়ার সঙ্গে সূচনার পারিবারিকভাবে বিয়ে হয়। গত ১৪ মে রাতে চেয়ারম্যানের ভাতিজা মো. শাওয়াল বিয়ের প্রলোভন দেখিয়ে সূচনাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সূচনার সন্ধান পাননি তারা। পরে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু-র পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং বিষয়টি সমাধানের জন্য দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল।

স্থানীয়দের ভাষ্য, রোববার রাতে চেয়ারম্যানের বাসা থেকে “একটি মেয়ে ফাঁস দিয়েছে” এমন খবর পেয়ে প্রতিবেশীরা সেখানে যান। পরে গুরুতর অবস্থায় সূচনাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর চেয়ারম্যানের স্বজনরা হাসপাতাল থেকে চলে যান।

পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু বলেন, তার চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে সূচনার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সমঝোতার জন্য তার বাসায় বসার কথা ছিল। তিনি দাবি করেন, সেখানে সূচনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘাটাইল থানা পুলিশ-এর পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =