Sunday, November 8

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি না চলায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 60 = 62