Sunday, November 8

কারিনা কায়সার-এর মরদেহ ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর দেশে পৌঁছেছে। রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানবিক উদ্যোগ হিসেবে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর আগে অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

দেশে আনার পর মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় নেওয়া হয়। পরে রাতে বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে গজারিয়া-য় নানার বাড়িতে। সেখানেই দাফন করা হবে তাকে।

লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতে নেওয়া হয়। খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়।

‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন কারিনা। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

Leave A Reply


Math Captcha
+ 9 = 17