Thursday, November 12

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর কসটেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় সায়মা আক্তার মীম (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সায়মা পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় কলাপাতা বার্গারে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সায়মা নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। অবশেষে মঙ্গলবার সকালে তার স্বজনরা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিকেলে কাইকারটেক ব্রিজের নিচে ঝোপের মধ্যে বড় একটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে কালো পলিথিনে মোড়ানো ও কসটেপে প্যাঁচানো হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে নিহতের মামা খোকন শেখ সাগর লাশের পরিচয় নিশ্চিত করেন।

নিহতের মামা জানান, দুই বছর আগে মীম প্রেম করে কুমিল্লার রায়হান নামে এক যুবকের সঙ্গে বিয়ে করেন। পারিবারিক অমতে তারা ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার অভিযোগ, স্বামী রায়হানই শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, কসটেপে মোড়ানো ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
73 + = 74