মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস।
শনিবার (১৬ মে) Prince Court Medical Centre হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফরোজা আব্বাস।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা–এর সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদারসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসী সাংবাদিকরা।
পরিবারের সদস্য ও নেতাকর্মীরা মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

