Sunday, November 8

প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, রাজনীতির নামে কেউ যদি বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে তা মোকাবিলায় সবাইকে সোচ্চার থাকতে হবে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কেউ বসে থাকবো না।”

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির প্রতিশ্রুতির পক্ষে রায় দিয়েছে এবং সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে।

নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকে তিনি রাজনীতিকে দেখেছেন খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্প-কারখানা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নিরাপত্তা প্রদানের মাধ্যম হিসেবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেশের ৪ কোটি পরিবারের মায়েদের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান বাজেট আগের সরকারের করা হওয়ায় সেখানে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ ছিল না। তবে আগামী বাজেটে এ খাতে বড় বরাদ্দ রাখা হবে এবং আগামী চার থেকে সাড়ে চার বছরের মধ্যে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

নারী শিক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, খালেদা জিয়া মেয়েদের শিক্ষাকে একসময় দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছিলেন। এখন সরকার ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ভালো ফল করা ছাত্রীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে চাঁদপুরে একটি ইপিজেড প্রতিষ্ঠার দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি বাস্তবসম্মত হলে দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষে সেখানে ইপিজেড গড়ে তোলা হবে। এ বিষয়ে আশিক চৌধুরী–কে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশ গঠনে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রম ও উৎপাদনের শক্তিতে রূপান্তর করতে পারলে দেশের ভাগ্য বদলানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, “আমরা ৭১ সালে দেশ স্বাধীন করেছি, আর ২৪–এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন দেশ গঠনের পালা, মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।”

Leave A Reply


Math Captcha
67 − 57 =