অ্যাড. ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেসব ভুল ও অন্যায় করেছে, বিএনপি একই পথে হাঁটলে তাদেরও একই পরিণতি হবে।
শুক্রবার (১৫ মে) ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, একই ফলাফল আসবে। ফলাফলে কোনো বেশ-কম হবে না, এক ফলাফল আসবে।”
অ্যাড. ফজলুর রহমান আরও বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পর রবার্ট ক্লাইভ ও মীর জাফর-এর চুক্তি বাংলার ইতিহাসে যে প্রভাব ফেলেছিল, বর্তমান সময়ে মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা চুক্তি নিয়েও একই ধরনের আশঙ্কা রয়েছে।
তার ভাষায়, “ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই ফলাফল আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তির মতো।”
তিনি আরও বলেন, “দেশ স্বাধীন রাখতে হলে এটাকে বাতিল করতে হবে।”
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা বলতে পারেন। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের পেছনে টেনে নিয়ে যাবে।”
তার দাবি, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পেছনে “সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত রাখা” এবং কিছু ভোটারগোষ্ঠীর সমর্থন পাওয়ার রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।

