Sunday, November 8

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামানিক (৭০) নামে এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শেফালী খাতুন।

রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নর দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোবহান প্রামানিক। গুরুতর আহত অবস্থায় শেফালী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশর উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আটক ব্যক্তির সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Leave A Reply


Math Captcha
54 − 52 =