Sunday, November 8

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখের (৩৬) মরদেহ ১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে পৌঁছেছে। শনিবার সকালে মরদেহ নিজ বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর দরাপেরডাঙ্গী গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে এক বছর আগে সৌদি আরবে যান মুরাদ। গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে সময় লাগায় ১৬ দিন পর মরদেহ দেশে আনা সম্ভব হয়। শনিবার ভোর সাড়ে ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছে। পরে সকাল ৯টায় গ্রামের বাড়িতে নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরে উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে।

মুরাদের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যাসন্তান ও ১০ মাস বয়সী এক ছেলে। পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের দূতাবাসের সঙ্গে যোগাযোগের পাশাপাশি প্রবাসীদের সহযোগিতায় অবশেষে মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে সহায়তাকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
74 − = 73