Sunday, November 8

বাসাইল উপজেলা-য় প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলে সড়কটি ধসে পড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন-এর সৈদামপুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ফাটলের পরিমাণও বাড়ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে।

২০২১ সালের ১৩ এপ্রিল সেতুর নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান অভিযোগ করেন, রাস্তার মাটি যথাযথভাবে রোলার দিয়ে কম্প্যাকশন না করেই কার্পেটিং করা হয়েছে। এ কারণেই দ্রুত ফাটল দেখা দিয়েছে।

আরেক বাসিন্দা শ্যামল সূত্রধর বলেন, “বৃষ্টির কারণে সড়কে ফাটল দেখা দিয়েছে। মাটি ভালোভাবে পেটানো হয়নি বলেই এমনটা হয়েছে।”

স্থানীয় ননী গোপাল সরকার বলেন, “রাস্তার কাজ শেষ হওয়ার দেড়-দুই মাসের মধ্যেই ফাটল ধরেছে। আর কয়েকদিন বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে যাবে।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নুর নবী বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। তিনি জানান, সংযোগ সড়কের পাশে ব্লকের কাজ চলমান ছিল এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে।

উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারণে কিছু স্থানে মাটি সরে গেছে। ফলে সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করবে। এছাড়া সংযোগ সড়কের কাজের বিল এখনও পরিশোধ করা হয়নি বলেও জানান তিনি।

Leave A Reply


Math Captcha
59 − = 49