Sunday, November 8

বরিশাল, ৭ মে: শহীদ শরীফ ওসমান হাদি-র বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে কারও কোনো মাথাব্যথা নেই। সংসদে দু-একজন ছাড়া কেউ তার বিষয়ে কথা বলে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীরও এ নিয়ে কোনো বক্তব্য নেই।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়-এর মূল ফটকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সমাবেশে মাসুমা হাদি অভিযোগ করেন, ভারতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আটক হলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান তৎপরতা নেই। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “যে নির্বাচনের জন্য ঢাকা-৮ আসন রক্তাক্ত হলো, বাংলাদেশের মাটি রক্তাক্ত হলো, সেই বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার হয় না। আমরা কারও দাসত্ব মেনে নেব না। আমরা হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবো।”

মাসুমা হাদি আরও বলেন, ওসমান হাদি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন। তিনি দেশের সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। নিজের শত্রুকেও ন্যায়বিচার পাইয়ে দিতে চেয়েছিলেন। অথচ আজ তার নিজের হত্যারই বিচার হচ্ছে না।

তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেল, সে বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে মাসুমা হাদি বলেন, “আমরা অনেকেই বলি, ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল। কিন্তু ফয়সালের একার এত বড় সাহস হওয়ার কথা নয়। তাকে কারা সহযোগিতা করেছে, কারা নিরাপদে পালানোর নিশ্চয়তা দিয়েছে—সব জাতির সামনে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ১৭ কোটি মানুষ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চায়। তারা অনেক ধৈর্য ধারণ করেছে। ওসমান হাদি এখন আমার একার ভাই না, ওসমান হাদি মানেই বাংলাদেশ। আমি হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবো।”

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদার-সহ বরিশাল বিশ্ববিদ্যালয়-এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
+ 42 = 46