সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসব্যাপী সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব নাও হতে পারে। তবে তারা যেন এই সংকট থেকে কিছুটা স্বস্তি পায়, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে, পরে তা বাড়ানো হতে পারে।”
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে মাঠ পর্যায়ে তালিকা প্রস্তুত করছে এবং সহায়তা কার্যক্রম তিন মাস পর্যন্ত চলবে।
এছাড়া আলুর দাম কমে যাওয়ার বিষয়টি নিয়েও ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো এবং রপ্তানিযোগ্য আলু উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস তৈরির উপযোগী আলুর চাষ শুরু হয়েছে।
এ সময় তিনি আরও জানান, দেশে কোরবানিযোগ্য পশুর কোনো সংকট নেই এবং সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

