ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার সময় ট্রাকটিও সড়কে উল্টে পড়ে।
এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।

