দেশে প্রশাসন সম্প্রসারণের পরিবর্তে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, “আমরা মাথাভারী কোনো প্রশাসন বাড়াতে চাই না। আমাদের মূল লক্ষ্য জাতিকে শিক্ষিত করা।”
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকারের প্রধান চিন্তা প্রশাসনিক কাঠামো বৃদ্ধি নয়, বরং শিক্ষকদের মান উন্নয়ন ও কারিকুলাম আধুনিকায়ন। তিনি বলেন, “শিক্ষকদের কীভাবে মানসম্মত করা যায় এবং কারিকুলাম কীভাবে উন্নত করা যায়—আমরা সেই দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।”
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ মামলা জটিলতায় আটকে আছে, যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া পূর্ববর্তী সরকারের সময়ে তড়িঘড়ি করে নেওয়া ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।
তিনি আরও জানান, আগামীতে বড় পরিসরে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
- ৩২ হাজার ৫০০ নতুন শিক্ষক নিয়োগ
- প্রাথমিক পর্যায়ে ১৫ হাজার শিক্ষক
- পাবলিক সিস্টেমে মোট ৭৭ হাজার শিক্ষক
- সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ
এসব নিয়োগ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

