রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এর সামনের সড়কে ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে গেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক সিএনজি চালক।

রোববার (৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে রমনা পার্ক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝড়ের মধ্যে রাস্তার পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে একটি চলন্ত সিএনজির ওপর। এতে সিএনজিটির সামনের গ্লাস ভেঙে যায়।

ভুক্তভোগী চালক আব্দুল আলীম জানান, তিনি ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ গাছ ভেঙে পড়লে তার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তার হাতে আঘাত লাগে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকামুখী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত গাছটি অপসারণ করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave A Reply


Math Captcha
+ 37 = 46