Sunday, November 8

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ মে) রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য আদালত ৩ মে দিন ধার্য করেছিলেন।

রোববার শুনানিকালে সুদীপ চক্রবর্তীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত মুনিরা মাহজাবিন মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত ২৬ এপ্রিল সকালে নিজ কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি চিরকুটে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিষয় উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই চিরকুটের সূত্র ধরে নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা একই দিন বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ওইদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ড শেষে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

Leave A Reply


Math Captcha
+ 67 = 68