স্পোর্টস ডেস্ক:
নিজেদের নতুন ভেন্যুতে জয়ের খোঁজ এখনও মেলেনি ইন্টার মায়ামি-এর। চতুর্থ ম্যাচেও জয়হীন থেকে এবার ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হেরে বসেছে তারা ওরল্যান্ডো সিটি-এর কাছে।
এই ম্যাচে দারুণ খেলেছেন লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের পথে নিতে পারেননি।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মায়ামির। মাত্র ৪ মিনিটে ইয়ান ফ্রের গোলে লিড নেয় দলটি। এরপর ২৫ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩ মিনিটে নিজের স্বভাবসুলভ বাঁ পায়ের শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মেসি।
প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। ৬৪ শতাংশ বল দখল, ২৬টি শট—এর মধ্যে ১০টি অন টার্গেট—সবকিছুই ছিল মায়ামির পক্ষে।
তবে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই শুরু হয় নাটকীয় পতন। ৩৯ মিনিটে মার্টিন ওজেদা একটি গোল শোধ দেন। দ্বিতীয়ার্ধে তিনি আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে সমতা ফেরান।
শেষ মুহূর্তে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে টাইরিস স্পাইসারের গোলে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় ওরল্যান্ডো।
এই হারের পর মায়ামির রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে চলে এসেছে। একই সঙ্গে নতুন স্টেডিয়ামে জয়হীনতার ধারা দলটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

