Sunday, November 8

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আজ (রোববার) ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।

রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই সাক্ষীর জবানবন্দি গত ১৯ এপ্রিল রেকর্ড করা হয়েছিল। জেরা শেষে ট্রাইব্যুনাল আজকের দিন সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করে।

প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন পলক। এর জেরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, ইন্টারনেট বন্ধ করা, মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া এবং হত্যায় সহায়তার মাধ্যমে ২৮ জনের মৃত্যু ঘটে। এছাড়া উত্তরায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় একই আদালত।

Leave A Reply


Math Captcha
− 3 = 2