Sunday, November 8

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করছে এবং ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের বিদায় জানানো সম্ভব হবে।

শনিবার (২ মে) দুপুরে উখিয়ার পালংখালী স্টেশনে আয়োজিত স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের দাবিতে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রোহিঙ্গা সমস্যা শিগগিরই সমাধান করা হবে। সরকার এ বিষয়ে তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী নিজেই কমিটি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে কাজ করছেন।”

স্থানীয়দের কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরি পাওয়া আমাদের অধিকার। আজকের এই সমাবেশ থেকে স্থানীয়দের জন্য আরও চাকরির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় করতে হবে।”

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোছাইন-এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয়দের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

রবিউল হোছাইন বলেন, “রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ, মাদক চোরাচালান বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং চাকরিতে ৫০ শতাংশ স্থানীয়দের নিয়োগ নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আজাদ। এতে আরও বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.এ মোক্তার আহমদ এবং অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফ এলাকার ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে।

Leave A Reply


Math Captcha
6 + 3 =