কুষ্টিয়া, ১ মে — কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজীব মিস্ত্রি (৩২) এ মামলার ৩ নম্বর আসামি এবং ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-১২ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এর আগে এ ঘটনায় আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীরের দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পীরসহ তার অনুসারীদের মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও র্যাব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

