Sunday, November 8

সড়ক দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হতে না পারাই প্রাণহানির অন্যতম প্রধান কারণ—এমন পর্যবেক্ষণের ভিত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে যাত্রীরা দ্রুত বের হতে না পারায় হতাহতের ঘটনা বাড়ছে। বিশেষ করে বাসের দরজা ও জানালা দিয়ে বের হওয়ার সময় নানা বাধার মুখে পড়তে হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে।
এসি বাসের ক্ষেত্রে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর)’ চিহ্ন রাখতে হবে। পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত সরঞ্জাম রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি বাসে জানালায় ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া কঠিন হয়ে পড়ে। তাই জানালার মাঝ বরাবর থাকা এসব রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ বলছে, এসব ব্যবস্থা কার্যকর করা হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ বাড়বে এবং প্রাণহানি কমানো সম্ভব হবে।

Leave A Reply


Math Captcha
2 + 8 =