Sunday, November 8

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। বৃষ্টিতে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে নিরবচ্ছিন্নভাবে তিন মাস এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
67 − 65 =