Sunday, November 8

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ এবং প্রশংসা করার দায়ে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্টের রায়ের ভিত্তিতে এসব ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

জানা গেছে, নাগরিকত্ব হারানো এই ৬৯ জনের কেউ জন্মসূত্রে বাহরাইনের নাগরিক নন। তাদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছিল। এ নিয়ে ফেব্রুয়ারিতে জেনেভায় কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ বিমান হামলা শুরু করলে সংঘাত তীব্র আকার ধারণ করে।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বাহরাইনসহ কয়েকটি দেশে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।

পরে ৮ এপ্রিল থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধ চলাকালে ইরানের পক্ষে সমর্থন জানানোর অভিযোগে মার্চ মাসে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে বাহরাইন, যাদের বিরুদ্ধে চলা মামলার রায়ের ভিত্তিতেই এই নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 76 = 79