Sunday, November 8

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ২৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী শারীরিকভাবে অসুস্থ এবং ইতোমধ্যে তাকে দুই দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার চিকিৎসার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তির হামলা ও গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
83 + = 84