রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
রোববার দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং বাড্ডা থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। তিনি বাড্ডায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গুলশান জোনের বাড্ডা এলাকার সহকারী পুলিশ কমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামতের ভিত্তিতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

