পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি দেশের ১৭ কোটি মানুষের সরকার এবং দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চায়।
শনিবার ২৫ এপ্রিল বিকেলে ফরিদপুর-২ আসনের অন্তর্গত সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের কে ভোট দিয়েছে আর কে দেয়নি সেই হিসাব আমরা করি না। কে কোন দল করে তাও আমরা দেখব না। আমরা সবার জন্য কাজ করতে চাই।”
নির্বাচনের পর দায়ের হওয়া মামলাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে থানায় যেসব মামলা হচ্ছে সেগুলো নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা রাজনৈতিক মামলা আর হচ্ছে না। প্রতিহিংসাবশত কোনো রাজনৈতিক মামলা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সালথায় চলমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে। কেউ যদি গোষ্ঠীগত প্রভাবে পুলিশের ওপর হামলা করে, তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে-ই সহিংসতায় জড়াবে সে বিএনপির হোক বা অন্য কেউ তাকে আইনের আওতায় আনতে হবে। সমাজে অশান্তি সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, অতীতে কৃষকদের উন্নয়নে খাল ও নদী খননের মতো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, ফলে অনেক খাল নদী শুকিয়ে গেছে। বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তিনি বলেন, খাল খনন কর্মসূচি এ অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হবে। পাশাপাশি পর্যায়ক্রমে সড়ক, কালভার্ট ও সেতুসহ অবকাঠামোগত উন্নয়নও করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মো. মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

