খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“গাজা এখনো মুক্ত নয়। তাই সংগ্রাম শেষ হয়নি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, আমাদের লড়াই চলবে।”

বিমানবন্দরে নেমে তিনি ইসরাইলি সেনাদের বর্বর আচরণের তীব্র নিন্দা করেন। আটক হওয়ার সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে সেনারা ক্ষিপ্ত হয়ে সেটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয় বলে উল্লেখ করেন তিনি। শহিদুল আলম বলেন, “একটি দেশের পাসপোর্ট অপমান করা অপরাধ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই হবে।”

তিনি দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার ও টার্কিশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটায় ইসরাইল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরে একইদিন সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শহিদুল আলম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গাজার নৌ অবরোধ ভাঙার প্রত্যয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এর উদ্যোগে নয়টি নৌযান গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এতে রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নেন। গত ৮ অক্টোবর নৌবহরে হামলা চালিয়ে ইসরাইলি সেনারা সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে। সেই বহরের যাত্রীদের মধ্যে ছিলেন শহিদুল আলমও।

Leave A Reply


Math Captcha
19 + = 21