Sunday, November 8

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সবক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করছেন। “তিনি আমাদেরও কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করে ফ্যান ব্যবহার করছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে স্বনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব হবে এবং জনগণের সহযোগিতায় আমরা সফল হবো, ইনশাআল্লাহ।”

আহমেদ আযম খান অভিযোগ করেন, আগের সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্ব দিলেও অর্থনীতির দুরবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এবং বর্তমান সরকার প্রায় শূন্য অবস্থা থেকে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্তভাবে সীমিত সম্পদ ও আয়ের মধ্যে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ স্থানীয় কৃষক ও খামারিরা।

Leave A Reply


Math Captcha
47 − 37 =