নাটোরের বড়াইগ্রামে একটি ভাড়া বাসার টয়লেট থেকে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ দল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ির ভাড়াটিয়া সজিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানাইদহ সমবায় ফিলিং স্টেশনের পেছনের একটি বাসায় অভিযান চালানো হয়। ওই বাসায় মনমোহন টোব্যাকোর ম্যানেজার সজিব হোসেন ভাড়া থাকতেন।
অভিযানের সময় বাসার টয়লেটে কনটেইনারে লুকিয়ে রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে তাকে জরিমানা করা হয়।
জব্দ করা ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

