Sunday, November 8

আজ থেকে ঠিক তেরো বছর আগে, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ঘটে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধস। এ ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন শ্রমিক, আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ। তবে এত বড় ট্র্যাজেডির পরও এখনো শেষ হয়নি দায়ের করা মামলাগুলোর বিচার কার্যক্রম।

ভবন ধসের পর মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন, দুর্নীতি, অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র একটি মামলা নিষ্পত্তি হয়েছে। বাকি পাঁচটি এখনো বিচারাধীন।

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, বর্তমানে আসামি আছেন ৩৮ জন। মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের মধ্যেই এ মামলার রায় হতে পারে।

ইমারত নির্মাণ আইনের মামলায় সোহেল রানাসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া ধীরগতিতে চলছে। অন্যদিকে, ভবন নির্মাণে দুর্নীতির মামলাটি বর্তমানে যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।

এছাড়া অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলাও বিচারাধীন রয়েছে, যেখানে সোহেল রানা একমাত্র আসামি।

রাষ্ট্রপক্ষের দাবি, দীর্ঘসূত্রতা ও বিভিন্ন আইনি জটিলতার কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ বলছে, দীর্ঘদিন বিচার শেষ না হওয়ায় সোহেল রানা বিচারহীনভাবে কারাগারে আছেন।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপনের একটি মামলায় ২০১৭ সালে সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা এখন পর্যন্ত একমাত্র নিষ্পত্তিকৃত মামলা।

তেরো বছর পরও বিচার শেষ না হওয়ায় এই ট্র্যাজেডিতে নিহতদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়ে গেছে।

Leave A Reply


Math Captcha
95 − 85 =