Sunday, November 8

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন। পরে ডাকসুর নেত্রী জুমার সঙ্গে থানা থেকে বের হন মুসাদ্দিক।

জানা গেছে, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।

এ সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে প্রবেশ করেন। অন্যদিকে, থানার বাইরে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে বুধবার ডাকসু নেতা মুসাদ্দিক আলী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দাঁত ফেলে দেওয়ার হুমকি দেন।

মুসাদ্দিক জানান, বুধবার দুপুরে কলা ভবনের পেছনের ফটকের সামনে ক্লাসে যাওয়ার পথে আলাউদ্দিনসহ কয়েকজন তার পথ রোধ করেন। পরিচয় জানতে চাইলে তারা তাকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন। পরে সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও অভিযুক্তরা বারবার হামলার চেষ্টা চালায় এবং হুমকি দিয়ে সরে যায়।

Leave A Reply


Math Captcha
− 1 = 2