Sunday, November 8

বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। আগামী তিন মাস জেলায় সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার কোথাও কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস, শপিং মল, দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এই নির্দেশনা আগামী তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ব্যবসায়ীদের সময়মতো দোকান বন্ধ নিশ্চিত করতে স্থানীয় দোকান মালিক সমিতিকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
26 + = 34