ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে নওশেল আহমেদ অনিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, নওশেল আহমেদ অনির বিরুদ্ধে থাকা ছয়টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সত্ত্বেও তিনি কারাগারে ছিলেন। এ অবস্থায় বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ আদালতে হাজির করে। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন (২৪) নিহত হন। তিনি ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। পরবর্তীতে ওই মামলাসহ একাধিক মামলায় নওশেল আহমেদ অনিকে আসামি করা হয়।
সূত্র আরও জানায়, রাজনৈতিক অস্থিরতার সময় নওশেল আহমেদ অনি আত্মগোপনে চলে যান। পরে তাকে পিস্তল হাতে একটি মিছিলে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনাক্ত করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ময়মনসিংহ কারাগারে রয়েছেন।

