ফরিদপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাথৈ বিশ্বাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তাথৈ বিশ্বাস আলফাডাঙ্গা সদর ইউনিয়নের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে। সে আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাথমিক (শিশু ওয়ান) শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশুটি। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমশের উদ্দিন বলেন, তাথৈ বিদ্যালয়ের প্রি-প্রাথমিক শ্রেণির একজন চটপটে শিক্ষার্থী ছিল। পহেলা বৈশাখের অনুষ্ঠানে ‘বউ’ সেজে অংশ নেওয়ার স্মৃতি এখনও সবার মনে রয়েছে। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, গরমে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যুর ঘটনা জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় দফাদার মো. সাহিদ শেখ জানান, চঞ্চল বিশ্বাসের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার রাতেই শিশুটির মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয় এবং স্থানীয়ভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

