এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র বিষয়টির পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। সারা দেশের ২ হাজার ৪৯০টি কেন্দ্রে এতে অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না তা দেখতে শিক্ষামন্ত্রী ঢাকা বা দেশের বিভিন্ন জেলায় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন।
একই সময়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৭৪২টি কেন্দ্রে অংশ নেবে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পর্যায়ে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা ৬৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। তবে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ সম্পন্ন করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কড়াকড়ির মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন সারা দেশে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া একজন কেন্দ্র পরিদর্শক ও ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনের মতো আজও কঠোর ব্যবস্থা বহাল থাকবে। প্রশ্নফাঁস, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, নকল এবং ডিভাইস ব্যবহার করে জালিয়াতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

